শকুনের বিলুপ্তি ঠেকাতে সুন্দরবনে বসেছে আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা :
সুন্দরবনে শুরু হয়েছে এশিয়ার শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিঙ্কশন’ (সেভ—SAVE)-এর ২০২৬ সালের বার্ষিক সভা। বুধবার (২৫ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সভায় ১০টির বেশি দেশ থেকে ৪৫ জনের বেশি সংরক্ষণকর্মী, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বাংলাদেশ বন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সহযোগিতা করছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এতে সহায়তা দিচ্ছে দ্য পেরেগ্রিন ফান্ড ও দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষণবিদ ইনাম উল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভের চেয়ারপারসন জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
শকুন সংরক্ষণে বাংলাদেশ এশিয়ার অন্যতম অগ্রগামী দেশ। ২০১০ সালে পশুচিকিৎসায় শকুনের জন্য ক্ষতিকর ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করে বাংলাদেশ। ২০১৪ সালে ঘোষণা করা হয় দুটি শকুন নিরাপদ অঞ্চল। এরপর ২০২১ সালে পশুচিকিৎসায় কিটোপ্রোফেন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এশিয়ায় বাংলাদেশই প্রথম এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করে।
দেশে শকুন সংরক্ষণে সম্পূরক খাদ্য সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইটের মাধ্যমে গতিবিধি অনুসরণ, আহত শকুন উদ্ধার ও পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বাস্তবায়ন করা হচ্ছে জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা।
সুন্দরবনে এ সভা আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েছে বাংলাদেশের সর্বশেষ দুটি সাদা-পিঠ শকুনের প্রজনন কলোনির একটি। মহাবিপন্ন এ প্রজাতির শকুনের বৈজ্ঞানিক নাম Gyps bengalensis। এ ছাড়া সুন্দরবন দেশের দ্বিতীয় শকুন নিরাপদ অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত।
দুই দিনের এ সভায় এশিয়াজুড়ে শকুন সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বৈজ্ঞানিক তথ্য বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা। আলোচনায় গুরুত্ব পাবে পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা পুনরুদ্ধার এবং দেশগুলোর মধ্যে সমন্বিত সংরক্ষণ উদ্যোগ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শকুন এক দেশ থেকে অন্য দেশে চলাচল করায় কোনো একটি দেশের একক উদ্যোগে এদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। সুন্দরবনের এ সম্মেলন এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে দেশগুলোর মধ্যে অংশীদারত্ব ও যৌথ উদ্যোগ জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




