নাচোলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদককে না বলি, বাল্যবিবাহকে না বলি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাচোল সদর ইউনিয়নের ঘিওন গ্রামে এ সভার আয়োজন করা হয়। ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম এ কর্মসূচির আয়োজন করেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সহজে ও কম খরচে বিরোধ নিষ্পত্তির পদ্ধতি এবং স্থানীয় পর্যায়ে সামাজিক অপরাধ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম।
তিনি বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজ ও পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে জনপ্রতিনিধি, অভিভাবক ও সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ছাড়া ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির জন্য গ্রাম আদালতের সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম, উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ সমবায় উপদেষ্টা বাবুল আক্তার, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহান আলী ও সফিকুল আলম, সাবেক ইউপি সদস্য মোকবুল হোসেন, ঘিওন গ্রামের মাওলানা খাইরুল আলম, আলহাজ্ব শামসুদ্দিন ইসলাম, চিকিৎসক আমির হোসেন ও অধ্যাপক বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




