নওগাঁরাজনীতির মাঠে

জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা চান নওগাঁর স্বেচ্ছাসেবক দল নেতা তাজু

নওগাঁ প্রতিনিধি:

একসময় রাজপথের মিছিল-স্লোগান আর মানুষের পাশে থাকার ব্যস্ততায় কেটেছে যার দিন, সেই মানুষটিই আজ অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, তৃণমূলের সক্রিয় নেতা নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলম তাজ তাজু এখন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে লড়ছেন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে একদিকে যেমন নিঃস্ব হয়ে পড়ছেন, অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করাও তার পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।


জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আলম তাজু নওগাঁ পৌর যুবদলের সাবেক প্রচার সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক সমাজসেবা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। কিন্তু এবার তার লড়াই কোনো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে নয়—লড়াই নিজের জীবন বাঁচানোর জন্য।


প্রায় সাত মাস আগে পরীক্ষায় তার লিভার সিরোসিসের দ্বিতীয় স্টেজ ধরা পড়ে। এরপর থেকেই ঢাকার গ্রাস্ট লিভার হাসপাতালে চিকিৎসা চলছে। এরই মধ্যে চিকিৎসা বাবদ প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য দেশের বাইরে চিকিৎসা নিতে হলে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন মো. আলম তাজ তাজু।


অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিনের আর্থিক সংকটও তার পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। আলম তাজুর ভাষ্য, বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে নানা ধরনের পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পাশাপাশি ব্যবসায়িকভাবেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। একসময় ডিলারশিপের ব্যবসা করলেও সেটিও বর্তমানে বন্ধ রয়েছে।


সব মিলিয়ে চিকিৎসার এই ব্যয় বহন করা এখন তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


তাজু বলেন, প্রায় সাত মাস আগে জানতে পারি আমি লিভার সিরোসিসের দ্বিতীয় স্টেজে আক্রান্ত। এরপর থেকে চিকিৎসা চলছে। এরই মধ্যে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। সেখানে চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমার ও আমার পরিবারের পক্ষে এই বিশাল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়।


কথা বলতে বলতে নিজের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ, প্রতিকূলতা ও আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে মো. আলম তাজ তাজু বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক কারণে অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। ব্যবসায়িকভাবেও মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। আমার ডিলারশিপের ব্যবসাটিও এখন বন্ধ। এমন অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় খুব কঠিন সময় পার করছি।


জীবনের এই কঠিন সময়ে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের প্রতি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন এই নেতা।


তাজু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের কাছে আমার আকুল আবেদন, তারা যেন এই কঠিন সময়ে আমার পাশে দাঁড়ান। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে ফিরতে চাই। মানুষের পাশে দাঁড়াতে চাই, আবারও সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিতে চাই।


রাজনীতির মাঠে সক্রিয় এই নেতার এখন একটাই প্রত্যাশা। চিকিৎসার সুযোগ পেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা। দীর্ঘদিন মানুষের সঙ্গে থাকা আলম তাজু এখন নিজের জীবনের কঠিন সময়ে মানুষের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন।


সহায়তা পাঠানোর ঠিকানা

নাম: মোহম্মদ আলম

ব্যাংক: সোনালী ব্যাংক, কেডির মোড় শাখা, নওগাঁ

হিসাব নম্বর: ৪৮০৯০০১০২৬৩০৮

বিকাশ: ০১৭৪৬-৬৯৮৮৪৪

Related Articles

Back to top button