এসআরবির অভিযানে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হাজীপাড়া এলাকার একটি গোরস্থানের ভেতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা কালো রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



