চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিএনপির দুই সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে দুটি সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকেলে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও পৌরসভা পার্কে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। সমাবেশে জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পৌরসভা পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম। এতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দুটি সমাবেশেই ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



