বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
বিদ্যাঙ্গনসংবাদ

মানহীন বিশ্ববিদ্যালয়ে বেড়েছে শিক্ষিত বেকার: রাষ্ট্রপতি

For Advertisement: 01763639922

পাঠকের কাগজ ডেস্ক : গুণগত মান যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, বিগত ১৭ বছরে যথাযথ মান যাচাই ছাড়াই অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এসব মানহীন প্রতিষ্ঠান কেবল সনদ বিতরণ করে তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিমুনাফাকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, উচ্চশিক্ষার মান শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। মানসম্মত শিক্ষা, যুগোপযোগী পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক, বাস্তবভিত্তিক জ্ঞান এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই হওয়া উচিত শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের মাপকাঠি।

রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বৈষম্য ও বহুমুখী ধারা দূর করে সমন্বিত জাতীয় শিক্ষাকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আন্তর্জাতিক মান অর্জনের সঙ্গে দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান।

কর্মবাজারের চাহিদার সঙ্গে উচ্চশিক্ষার সমন্বয় ঘটানোর তাগিদ দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতের কর্মজগতে টিকে থাকতে শুধু সনদ অর্জন যথেষ্ট নয়। সমস্যা সমাধানের দক্ষতা, স্বাধীন চিন্তাভাবনা এবং নতুন কিছু শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। তবে প্রযুক্তির ব্যবহারে মানুষের সৃজনশীলতা, বিবেক ও নৈতিকতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।

সমাবর্তনে স্নাতকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। সত্য, ন্যায় ও সততার আদর্শে অবিচল থেকে আজীবন জ্ঞান অর্জনের চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button