চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আরেফিন বুলু আর নেই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব কামরুল আরেফিন বুলু (৬০) মারা গেছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মরহুম কামরুল আরেফিন বুলু আহমদ স্টোরের স্বত্বাধিকারী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী দলের একজন ত্যাগী নেতা ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি মরহুম মঞ্জুর আহমেদের কনিষ্ঠ পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পরিচালক ডা. মো. দুরুল হোদা, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টুসহ নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




