কামরুল আরেফিন বুলুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শোক
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আরেফিন বুলু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ইন্তেকাল করেন কামরুল আরেফিন বুলু মিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম বুলু মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন।
রুহুল কবির রিজভী বলেন, তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছেন। মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুম বুলু মিয়াকে বেহেশত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ গভীর শোক সইবার শক্তি দান করেন।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।




