লালপুর (নাটোর) প্রতিবেদক :
নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের পুকুরপাড়ের দেড় শতাধিক কলাগাছ কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সজিব আলী (৩২)। তিনি ওই গ্রামের বাদশা আলীর ছেলে।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুকুরপাড়জুড়ে দেড় শতাধিক কলাগাছ গোড়া থেকে কাটা ও ভাঙা অবস্থায় পড়ে আছে। ফলন আসার অপেক্ষায় থাকা গাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক সজিব।
তিনি বলেন, অনেক কষ্ট ও অর্থ ব্যয় করে কলাগাছগুলো বড় করেছিলেন। ফলন আসার সময়েই দুর্বৃত্তরা এক রাতের মধ্যে সব গাছ নষ্ট করে দিয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁর ধারণা। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




