বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
সংবাদ

পাগলা মসজিদের দানবাক্সে ১৮ কোটি ২১ লাখ টাকা, মিলেছে সোনার চামচ-বাটিও

For Advertisement: 01763639922

পাঠকের কাগজ ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার (২১ নভেম্বর) দিনভর গণনা শেষে এ অর্থের পরিমাণ নিশ্চিত করা হয়। এবার দানবাক্সে মিলেছে ৫১ বস্তা টাকা, যা মসজিদটির দানবাক্স থেকে পাওয়া নগদ অর্থের ক্ষেত্রে নতুন রেকর্ড। ৪ মাস ২৪ দিনে এসব অর্থ জমা পড়েছে। নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার এবং সোনার চামচ ও বাটি।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে সেগুলো থেকে টাকা বের করে ৫১টি বস্তায় ভরা হয়। সকাল ৯টা থেকে মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় গণনার কাজ। রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ মোট টাকার পরিমাণ নিশ্চিত করেন।

গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০টি মানি কাউন্টিং মেশিনের সহায়তায় পাঁচ শতাধিক মানুষ এ কার্যক্রমে অংশ নেন।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী জানান, এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়ার রেকর্ড ছিল। গতবার দানবাক্সে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদের আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে। দূরদূরান্ত থেকে অনেকে আসেন মসজিদ দেখতে ও দান করতে। টাকা গণনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও ছিল উৎসবের আমেজ।

এদিকে দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে মানুষের নানা আকুতি ও প্রার্থনাসংবলিত হাতে লেখা চিঠি। এসব চিঠিতে উঠে এসেছে ভালোবাসা, বিয়ে, বিদেশযাত্রা, আর্থিক সচ্ছলতা, পারিবারিক বিরোধ ও ন্যায়বিচারের প্রত্যাশার কথা।

কেউ প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি জানিয়েছেন, কেউ হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেছেন। আবার কেউ নেককার সন্তানের মা হওয়া, স্বামী-সন্তান নিয়ে ইউরোপে বসবাস কিংবা ভাইয়ের মালয়েশিয়া যাওয়ার জন্য দোয়া চেয়েছেন।

একটি চিঠিতে আবু সাঈদ নামের এক ব্যক্তি নিজের গুনাহ মাফ, সুন্দর জীবন ও হাজার কোটি টাকার মালিক হওয়ার প্রার্থনা করেছেন। একই সঙ্গে মিম নামের এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। পবিত্র রমজান মাসে তাদের বিয়ে হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি। চিঠির শেষে লেখা রয়েছে, ‘আবু সাঈদ + মিম’।

অন্য এক তরুণী নাজমুল নামের একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি জানিয়েছেন। নাজমুল ছাড়া অন্য কোনো পুরুষের কাছে যেন তাকে যেতে না হয়, সেই প্রার্থনাও করেছেন তিনি।

আরেক নারী চিঠিতে তিনটি ইচ্ছার কথা জানিয়েছেন। নেককার ও দ্বীনদার ছেলে সন্তানের মা হওয়া, স্বামীর পাসপোর্ট দ্রুত পাওয়া এবং সন্তানদের নিয়ে ইউরোপে বসবাসের পাশাপাশি ভাই আল-আমিনের নির্বিঘ্নে মালয়েশিয়া যাওয়ার জন্য দোয়া চেয়েছেন তিনি।

তবে এসব চিঠির সবগুলোতেই যে স্বপ্ন আর ভালোবাসার কথা রয়েছে, তা নয়। একটি দীর্ঘ আবেদনে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ন্যায়বিচার চেয়েছেন এক ব্যক্তি। তার দাবি, ২০ মাস বয়সী শিশুসন্তানকে নির্যাতন করা হয়েছে, স্ত্রীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে।

এ ছাড়া শ্যালককে ব্যবসা প্রতিষ্ঠা করে দেওয়ার পরও প্রায় ৭ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন তিনি। সব মিলিয়ে তার হিসাবে আর্থিক ক্ষতির পরিমাণ ১৯ লাখ ২৫ হাজার টাকা। আবেদনে এসব ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি লিখেছেন, ‘আমি শুধু সত্যের বিচার চাই। যদি আমার অভিযোগ সত্য হয়ে থাকে, তবে আপনি আপনার ন্যায়বিচার অনুযায়ী ফয়সালা করুন।’

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এর আগে গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। নগদ অর্থের পাশাপাশি সেবার স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। গত ১২ অক্টোবর অলংকার ওজন শেষে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ এবং ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার পাওয়া যায়। এ ছাড়া ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

জেলা প্রশাসক জানান, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি ও সুখ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও মানুষ নানা মনোবাসনা নিয়ে এখানে আসেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও এ মসজিদে দান করেন।

তিনি আরও বলেন, সময়ের প্রয়োজনে মসজিদটির সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে। পাশাপাশি মসজিদ-সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য রয়েছে ৩১ সদস্যের একটি কমিটি। জেলা প্রশাসক এ কমিটির সভাপতি।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button