চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ট্রাকের চালক ও প্রতিনিধিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (২৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাঈম শিকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে দুটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এ সময় জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
অভিযান শেষে আদায় করা জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। জব্দ করা হর্নগুলো জেলা প্রশাসনের গুদামে রাখা হয়েছে। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী স্টিকার লাগানো হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।






