চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, আয়োজন জেলা-উপজেলায়

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদের গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা সদরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকালে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ও বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আব্দুর রহিম, কৃষি উদ্যোক্তা মো. রাকিবুল ইসলাম বাবু ও মো. মুনজের আলম। সূচনা বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান।
পরে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৩২টি স্টলে খামারি ও উদ্যোক্তারা উন্নত জাতের গরু, ছাগল, দুম্বা, গাড়ল, মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করেন।

নাচোলে র্যালি ও আলোচনা সভা
নাচোল প্রতিবেদক
নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা ও উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী।
এ ছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, পল্লী বিদ্যুতের জোনাল কর্মকর্তা গোলাম সারোয়ার মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।




