জাতির দুই শ্রেষ্ঠ সন্তানকে হারাল শিবগঞ্জ, একই দিনে প্রয়াত দুই বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একই দিনে মারা গেছেন দুই বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী মিয়া ও শাবান আলী। তাঁদের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী মিয়া উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মরহুম বজলার রহমান বেজু মিয়ার তৃতীয় ছেলে। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। পাশাপাশি তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে চৈতন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা শাবান আলী উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর খোঁজপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা শেষে তাঁকে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
দুই বীর মুক্তিযোদ্ধার জানাজা ও শেষ বিদায়ে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।




