চর অনুপনগরে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বুলু বিশ্বাস

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জহিরুল হক বিশ্বাস বুলুকে প্রার্থী ঘোষণা করেছে ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় অনুপনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নেতাদের সম্মিলিত আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে তাঁর নাম ঘোষণা করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাহিদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় ইউনিয়নের সব ওয়ার্ডের নেতারা অংশ নেন। সভায় জহিরুল হক বিশ্বাস বুলুকে চেয়ারম্যান পদে প্রার্থী করার বিষয়ে আলোচনা শেষে সর্বসম্মতভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। বুলু উপজেলা বিএনপির সদস্যসচিব। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি ওই ইউনিয়নে বিএনপির প্রার্থী ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বকুল, বিএনপি নেতা রফিকুল ইসলাম,হাসিবুল ইসলাম হাদিসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং প্রার্থী নির্ধারণ নিয়ে আলোচনা হয়। পরে নেতাদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে জহিরুল হক বিশ্বাস বুলুর নাম ঘোষণা করা হয়।



