শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শিবগঞ্জ প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ সাব্বির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুৎ তোয়াব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সমবায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সমবায় আন্দোলনকে টেকসই করতে কৃষিসহ উৎপাদনশীল খাতে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠান গুলোকে জনমুখী করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



