শিবগঞ্জে পানিতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোহাম্মদ আলী (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কালুপুর এলাকায় রাস্তার পাশের পানিতে কচুরিপানার মধ্য থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্বজনেরা ও স্থানীয়রা।
নিহত মোহাম্মদ আলী শিবগঞ্জ পৌরসভার লাগাদপাড়া এলাকার মো. নাজির উদ্দিনের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদ আলী ও তাঁর বন্ধু নাহিদ (১৪) মোটরসাইকেলে শিবগঞ্জ থেকে মনাকষার দিকে যাচ্ছিল। পথে কালুপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিতে পড়ে যায়। এ সময় মোহাম্মদ আলী পানিতে নিখোঁজ হয়। গুরুতর আহত নাহিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




