শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ

শিবগঞ্জ প্রতিবেদক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক।
এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণকে গণতন্ত্র উপহার দিয়েছেন। তিনি বলেন, ২৪শে জুলাই হত্যাকারীদের সিপাহী, জনতা, শত শত শিক্ষার্থী-রক্তের বিনিময়ে ৫ই আগস্টসহ সেই দিন যদি এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় না করতে পারলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্র ফিরিয়ে পেতাম না। এই দিনটি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রাণের দিবস।
শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মুকুলসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপরও তারা গুরুত্বারোপ করেন। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের সহযোগিতায় শিবগঞ্জ পৌর ও উপজেলার ২৫টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।



