চাঁপাইনবাবগঞ্জে ১৭ মহিলা সমিতিকে ৫ লাখ ২৬ হাজার টাকার অনুদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহ দিতে নিবন্ধিত ১৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাঃ সাহিদা আখতার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠান সূত্রে জানা যায়, অনুদানপ্রাপ্ত ১৭টি সমিতিকে ‘ক’ ও ‘খ’ শ্রেণিতে ভাগ করে অর্থ প্রদান করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির ১২টি সমিতিকে প্রতিটিতে ৩৪ হাজার ৭০০ টাকা করে মোট ৪ লাখ ১৬ হাজার ৪০০ টাকা এবং ‘খ’ শ্রেণির পাঁচটি সমিতিকে প্রতিটিতে ২২ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়।
‘ক’ শ্রেণিতে অনুদান পেয়েছে কল্যাণী মহিলা সংসদ, গ্রাম বাংলার নারী কল্যাণ সমিতি, আকন্দবাড়িয়া নারী উন্নয়ন সংগঠন, প্রোবিটি মহিলা গ্রাম উন্নয়ন সংগঠন, জাগরণী বহুমুখী মহিলা উন্নয়ন সমিতি, চামেলী মহিলা কল্যাণ সমিতি, অন্তরা মহিলা উন্নয়ন সমিতি, বৈশাখী মহিলা উন্নয়ন সমিতি, সমতা নারী উন্নয়ন সংস্থা, পলশা নারী কল্যাণ সমিতি, মসজিদপাড়া মহিলা সমিতি ও নকশী কাঁথার মাঠ মহিলা সমিতি।
অন্যদিকে, ‘খ’ শ্রেণিতে অনুদান পেয়েছে স্বপ্নপূরী মহিলা সমিতি, দিগন্ত মহিলা সমিতি, শিখা মহিলা কল্যাণ সমিতি, নতুন সকাল মহিলা সমবায় সমিতি ও সিডিসি মহিলা ফেডারেশন সমিতি।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অনুদান সমিতিগুলোর সাংগঠনিক ও উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে এসব উদ্যোগ সহায়ক হবে।
অনুষ্ঠানে অনুদানপ্রাপ্ত সমিতিগুলোর প্রতিনিধিসহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




