মাদকের বিরুদ্ধে রহনপুরে বিশাল মানববন্ধন
মাদকের বিরুদ্ধে রহনপুরে বিশাল মানববন্ধন
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চিরতরে নির্মূলের দাবিতে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির আয়োজনে এক বিশাল মানববন্ধন ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম থেকে শুরু হয়ে রহনপুর কলোনি মোড়, মুক্তাশা হল রোড, আলহেরা ক্লিনিক মোড়, উপজেলা চত্বর সহ স্টেশন বাজারের বিভিন্ন এলাকায় বিস্তৃত ছিল। বিশাল এ মানববন্ধনে রহনপুর পৌর এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক, কর্মচারী, ছাত্র -ছাত্রী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধন চলাকালীন রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক,সাংবাদিক আসাদুল্লাহ আহমদ। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম। সমাবেশে আরও বক্তৃতা করেন, রহনপুর পৌর বিএনপি’র আহ্বায়ক এনায়েত করিম তোকি, গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আয়বায়ক মোয়াজ্জেম হোসেন,রহনপুর পৌরসভা বিএনপি নেতা আশরাফুল হক, বিএনপি নেতা আবুল কাশেম মোহাম্মদ মাসুম, কৃষক দল নেতা দুরুল হুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাদক নির্মূল কমিটির পক্ষে শামীম রেজা, নাসিরুদ্দিন, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। মানববন্ধন থেকে অবিলম্বে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে আহবান জানানো হয়।





