For Advertisement: 01763639922
কৃষিপ্রথম পাতা

দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে সার্কের আঞ্চলিক কর্মশালা শুরু

For Advertisement: 01763639922

পাঠকের কাগজ ডেস্ক :

দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ঢাকায় তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে সার্ক কৃষি কেন্দ্র, ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস) এবং হারভেস্টপ্লাস সলিউশন্সের যৌথ উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ সালাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমদ তরফদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব। কর্মশালার উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন কেন্দ্রটির ফসলবিষয়ক সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. সিকান্দার খান তানভীর।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) বাংলাদেশ কার্যালয়ের পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ। তিনি অণুপুষ্টির ঘাটতি মোকাবিলা ও পুষ্টিমান উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ ফসলের গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য দেন হারভেস্টপ্লাস সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র গ্রোভার এবং আইওএফএসের মহাপরিচালক রাষ্ট্রদূত বেরিক আরিন। তাঁরা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা, গবেষণা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

কর্মশালার মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গবেষণা ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন ও বিস্তার বাড়ানো। এতে সার্ক সদস্য দেশগুলোর বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নিচ্ছেন।

কর্মশালার পরবর্তী দুই দিনে পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন সম্প্রসারণের সুযোগ, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button