
শফিকুল ইসলাম, শিবগঞ্জ:
পদ্মা নদীর পানি বণ্টনে ন্যায্য হিস্যার দাবিতে শিবগঞ্জে বিএনপির যোগ দিতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ একরামুল হক (৬৪) — (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে সমাবেশস্থলে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সমাবেশ স্থলে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আলহাজ্ব মোঃ একরামুল হক দীর্ঘদিন ধরে সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আমদানি-রপ্তানি খাতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও স্থলবন্দরের বাণিজ্যিক উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অনন্য।
তাঁর মৃত্যুতে ব্যবসায়ী মহলে গভীর শোক নেমে এসেছে। সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



