ভাতার টাকা তুলতে ঘুরছেন মাসের পর মাস, প্রতিকার নেই ব্যাংক এশিয়ায়

পাঠকের কাগজ
মোহা. সফিকুল ইসলাম, শিবগঞ্জ , তারিখ: ০৭ নভেম্বর ২০২৫
প্রতিবন্ধী স্বামীর মৃত্যুর সোয়া দুই বছর পেরিয়ে গেলেও ব্যাংক এশিয়ার গাফিলতির কারণে ভাতা বাবদ ১৫ হাজার ৩৯৩ টাকা উত্তোলন করতে না পেরে চরম হয়রানির শিকার হয়েছেন মনাকষা গ্রামের অসহায় বিধবা পারভিন।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ থেকে সংগৃহীত সব কাগজপত্র ব্যাংক এশিয়া রানীহাট্টি শাখায় জমা দিয়ে হিসাব (নং ১০৮৩৪৭০২৮০৯৭১) খোলা হয়। ব্যাংকের মহিলা কর্মকর্তা সোনিয়া খাতুন কাগজপত্র নিলেও কোনো রিসিভ কপি দেননি। পরে সোনিয়া খাতুনের নির্দেশে দেড় মাস ধরে ব্যাংকে ঘুরাঘুরি করেও কোনো সমাধান পাননি পারভিন। অবশেষে শাখার অন্য কর্মকর্তা নূরে আলম সিদ্দিক আবারও কাগজপত্র নিয়ে ৩১ অক্টোবর টাকা উত্তোলনের জন্য ডেকে ফেরত পাঠান তাকে।
কান্নাজড়িত কণ্ঠে পারভিন বলেন, “মৃত স্বামীর টাকা পাওয়ার আশায় বারবার ব্যাংকে ঘুরছি। শুধু হয়রানিই নয়, এতে অনেক টাকা খরচও হয়েছে।”
একই অভিযোগ তুলেছেন প্রতিবন্ধী সুফিয়া খাতুন। তিনি জানান, ২০২১ সালে ভাতার বই পেলেও বহু ঘোরাঘুরির পর চলতি বছরে এক কর্মকর্তার সহায়তায় টাকা তুলতে সক্ষম হয়েছেন।
৭৫ বছর বয়সী জিনিয়ারা বেগমও জানান, “শেষ বয়সে বয়স্ক ভাতা তুলতে গিয়ে বারবার হেনস্তা হচ্ছি।”
সরেজমিনে জানা গেছে, শুধু শাহাবাজপুর ইউনিয়নেই শতাধিক মৃত ব্যক্তির নমিনীরা ভাতা তুলতে পারছেন না। উপজেলা জুড়ে শত শত ভুক্তভোগী একই সমস্যায় দিন কাটাচ্ছেন।
ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানরা জানান, ব্যাংক এশিয়ার কর্মকর্তারা সুবিধাভোগীদের হয়রানি করলেও তাদের কিছু করার নেই—এটি প্রশাসনের বিষয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও জেলা সমাজসেবা উপপরিচালক উম্মে কুলসুম বলেন, “আমাদের দায়িত্ব হলো কাগজপত্র যাচাই ও পাঠানো। ব্যাংক এশিয়াকে বারবার অনুরোধ করেও তারা গুরুত্ব দিচ্ছে না। তাই উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে নতুন করে আর ব্যাংক এশিয়ায় হিসাব না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
অন্যদিকে ব্যাংক এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সাধ্য অনুযায়ী সেবা দিচ্ছি। জনবল সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, যা শিগগিরই সমাধান হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলি বলেন, “ব্যাংক এশিয়ার কারণে সুবিধাভোগীরা হয়রানির শিকার হচ্ছেন—এটি সত্য। তাই নতুন কোনো ভাতা হিসাব ব্যাংক এশিয়ায় খোলা হবে না। মৃত ব্যক্তিদের ভাতা নমিনীদের নামে নতুন হিসাব খোলার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।”



