বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: শাহিন শওকত
*নিজস্ব প্রতিবেদক*
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নে কাজ করছেন।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া-মুসলিমপুর এলাকায় দ্বিতীয় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দ শাহিন শওকত বলেন, সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু গাছ রোপণ করলেই হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। শিশুকে যেমন লালন-পালন করা হয়, তেমনি গাছকেও যত্ন নিতে হবে। কারণ মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং তা সংরক্ষণ করা।
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব হায়াতউদ্দৌলা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপু, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




