শিবগঞ্জে ১ কেজি কথিত হেরোইন ও ৯০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
বিশেষ মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি কথিত হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় গত ২১ জুলাই থেকে জেলাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে শিবগঞ্জ থানার একদল পুলিশ শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানে ওই গ্রামের বাসিন্দা মো. রসুল মিয়া (৪২)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি কথিত হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কথিত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
এ ঘটনায় আটক রসুল মিয়ার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।







