গোমস্তাপুরে ৯ হাজার ৪২৫ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৯ হাজার ৪২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি চাষের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ও মিঠুন দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও রহনপুর পৌরসভায় মোট ৯ হাজার ৪২৫ জন কৃষক এ সহায়তা পাবেন। এর মধ্যে সরিষা চাষে ৯ হাজার ৩০০ জন, মসুর চাষে ৭৫ জন এবং খেসারি চাষে ৫০ জন কৃষক রয়েছেন।
প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক এক বিঘা জমির বিপরীতে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। মসুর চাষে জনপ্রতি পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং খেসারি চাষে আট কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হবে।
ইউনিয়নভিত্তিক বরাদ্দের মধ্যে গোমস্তাপুরে ১ হাজার ৩৫ জন, বাঙ্গাবাড়ীতে ১ হাজার ৩৫ জন, রাধানগরে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, চৌডালায় ৮৩৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন এবং আলীনগরে ৮৬০ জন কৃষক রয়েছেন। এ ছাড়া রহনপুর পৌরসভায় ৯১০ জন কৃষক এ সুবিধা পাবেন।
কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের চাষাবাদ ব্যয় কমানো এ কর্মসূচির মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে আশা করছে কৃষি বিভাগ।




