বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
খুলনাপ্রথম পাতা

হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীতে মুখরিত দুবলার রাস উৎসব

For Advertisement: 01763639922

দুবলার চর থেকে কামাল হোসেন, খুলনা :

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টি উপেক্ষা করে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। রাসপূর্ণিমা উপলক্ষে পূজা-অর্চনা ও পুণ্যস্নানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী সমবেত হয়েছেন সেখানে। তাঁদের পদচারণে মুখর হয়ে উঠেছে সুন্দরবনের বিচ্ছিন্ন এই চর।

শনিবার সকাল থেকেই ট্রলার ও নৌকায় করে দুবলার চরে আসতে শুরু করেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা। বন বিভাগের পাস-পারমিট নিয়ে নির্ধারিত নৌপথে তাঁরা চরে পৌঁছান। উৎসব ঘিরে সেখানে তৈরি হয়েছে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ। চলছে পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা। রোববার সকালে পুণ্যস্নানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা।

প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত হয় এ রাস উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিলে পুণ্য লাভ হয়। এ বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা ছুটে আসেন এখানে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও আসেন অনেকে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রাস উৎসবে অংশ নিতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন থেকে ২৯৯টি ট্রলারে ৬ হাজার ৪২২ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি ট্রলারে ২ হাজার ৩৭১ জনকে পাস-পারমিট দেওয়া হয়েছে। এ ছাড়া সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৭টি ট্রলারে ২১১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জনকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বন বিভাগ। পুণ্যার্থী ও দর্শনার্থীদের চলাচলের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি পথ। পাশাপাশি বন বিভাগের কর্মীরা টহল ও নজরদারি করছেন।

পূজায় অংশ নিতে আসা পুণ্যার্থী নিতিশ সানা বলেন, রাসপূর্ণিমার তিথিতে ভোরে স্নান করলে পাপ-তাপ দূর হয় এবং জীবনের কল্যাণ ও আশীর্বাদ লাভ করা যায়। এ বিশ্বাস থেকেই প্রতিবছরের মতো এবারও বৃষ্টি উপেক্ষা করে দুবলার চরে এসেছেন তিনি।

দাকোপ উপজেলা থেকে আসা পুণ্যার্থী কালিপদ রায় বলেন, বন বিভাগের পাস নেওয়ার পর কয়েক দফা বৃষ্টি উপেক্ষা করে তাঁরা দুবলার চরে এসেছেন। সারা রাত থেমে থেমে বৃষ্টি হয়েছে। সকালে রোদের দেখা মিলেছে। ভালোভাবে পুণ্যস্নান শেষে বাড়ি ফিরতে পারলেই তাঁদের আসা সার্থক হবে।

দুবলার চর রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, তিথি অনুযায়ী পূজা-অর্চনা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রলারে করে হাজারো পুণ্যার্থী দুবলার চরে সমবেত হয়েছেন। তিন দিনব্যাপী এ উৎসব আগামী ২৪ নভেম্বর পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে পাস-পারমিট দেওয়া নিয়ে সংশয় ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুণ্যার্থীদের শনিবার সকাল থেকে পাস-পারমিট দেওয়া হয়েছে। নির্ধারিত পাঁচটি পথের যেকোনো একটি ব্যবহার করে দিনের বেলায় চলাচল করতে পারবেন তাঁরা।

তিনি আরও বলেন, বন বিভাগের নির্ধারিত চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙর করা যাবে না। আগ্নেয়াস্ত্র ও অবৈধ সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে হরিণ শিকারের ফাঁদ, কুঠার বা করাত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, প্লেট, গ্লাস ও চামচ বহন এবং মাইক বাজানোসহ শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এসব নির্দেশনা মেনে চলতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

পড়তে পারেন

For Advertisement: 01763639922
Back to top button