চাঁপাইনবাবগঞ্জনাচোল

কৃষক সেজে অভিযান, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মনিরুল ইসলাম, নাচোল :

কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে অভিযান চালিয়ে নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামি সুশিল (পিতা: মৃত শুকান্ত), সাং- রাজবাড়ী হাট টাওয়ারপাড়া, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ-কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, সুশিলের বিরুদ্ধে সেশন মামলা নং-৭৩/১৮জিআর মামলা নং-৫৫/১৭ (নাচোল)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারায় আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন কৃষকের ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করেন। পরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের ফসলি মাঠ থেকে পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Related Articles

Back to top button