নবাবগঞ্জ সরকারি কলেজে প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রাক্-নির্বাচনী ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন এইচএসসি পরীক্ষা-২০২৭ কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মহাঃ শহিদুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়ামত আলী। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীন।

অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মতামত তুলে ধরেন মোহাঃ রবিউল হক, আবুল কালাম আজাদ, এফ এম আব্দুণ গণি ও শরিফুল ইসলাম। এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদা আক্তার অনিরা ও সাবরিন জাহান মাহিন তাদের বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীন বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের প্রেক্ষাপটে কলেজের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনের করণীয় নির্ধারণে অভিভাবকদের সুচিন্তিত মতামতও প্রত্যাশা করেন তিনি।
এ সময় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং সেই পরীক্ষায়ও অনুত্তীর্ণ কিংবা বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি অভিভাবকদের অবহিত করেন অধ্যক্ষ।




