লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ।
এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিলুল্লাহ, জাতীয় যুব পুরস্কার-২০২৬ প্রাপ্ত সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান ও উদ্যোক্তা মুরসিদা বেগম।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা এবং দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।




