
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিবেদক :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের সমাপনী ও কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউসের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পে অর্থায়ন করেছে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার প্রকাশ চাম্বুগন। হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক পাইচিংউ মারমা।
প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নের এক হাজার পরিবার সহায়তা পেয়েছে। এর মধ্যে রোয়াংছড়ি সদর ইউনিয়নে ১০১টি, তারাছা ইউনিয়নে ৩৪১টি, আলেক্ষ্যং ইউনিয়নে ২৯৭টি এবং নোয়াপতং ইউনিয়নে ২৬১টি পরিবার রয়েছে।
প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ১০ কেজি মসুর ডাল, চার লিটার ভোজ্যতেল, দুই কেজি চিড়া, এক কেজি লবণ ও দুই কেজি চিনি দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যসামগ্রী বহন ও সংরক্ষণের জন্য তিনটি পাটের ব্যাগ সরবরাহ করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা উপকরণের মধ্যে ছিল হাত ধোয়ার বালতি, পানির পাত্র, মগ, গোসলের সাবান, খাবার স্যালাইন, অ্যান্টিসেপটিক জীবাণুনাশক ও কাপড় কাচার ডিটারজেন্ট। এ ছাড়া নারীদের জন্য স্যানিটারি প্যাড এবং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব ও নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এ পরিস্থিতিতে খাদ্য সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ তাদের দুর্ভোগ কমাতে সহায়ক হবে।
তাঁরা আরও বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে নিরাপদ পানি ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপকারভোগী এলাকার পাড়ার কারবারি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





