বিসিডিএস সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন, পাঁচ দিনের আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সভাপতি মসিউর রহমান বেনুর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সমিতির সাধারণ সদস্য ও ফার্মেসি মালিকরা। এ সময় তাঁরা সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বড় ইন্দারা মোড়ে বিসিডিএসের সাধারণ সদস্যদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ফার্মেসি মালিক ও সমিতির সাধারণ সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমে সাধারণ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত সাধারণ সভা আয়োজন এবং আর্থিক হিসাব-নিকাশ সদস্যদের সামনে উপস্থাপন করা প্রয়োজন। সংগঠনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার স্বার্থে বর্তমান সভাপতির পদত্যাগ দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ফার্মেসি ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। তাই সংগঠনটি ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালিত না হয়ে সাধারণ সদস্যদের মতামত ও স্বার্থকে গুরুত্ব দিয়ে পরিচালিত হওয়া উচিত।
মানববন্ধন থেকে বর্তমান সভাপতিকে পাঁচ দিনের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার থেকে জেলার ফার্মেসি বন্ধ রাখার কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সামসুল আলম, তোফিকুল ইসলাম বাবু, নাসির উদ্দীন, তোহরুল ইসলাম, আব্দুল জাব্বার, প্রবোদ দত্ত, সাইফুল ইসলাম রানা ও বাইরুল ইসলামসহ অন্যরা।
কর্মসূচি থেকে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।





